এমার্টন ইয়ুথ সেন্টারে অজি এনএসইউয়ার্স অ্যাসোসিয়েশন সফলভাবে আয়োজন করে ফুটসাল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬। এই আয়োজনে অংশগ্রহণ করেন বিপুলসংখ্যক খেলোয়াড়, স্বেচ্ছাসেবক, দর্শক ও পরিবার-পরিজন, যা দিনব্যাপী একটি প্রাণবন্ত ক্রীড়া উৎসবে পরিণত হয়।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনকল্যাণে নিবেদিত অর্ডার অব অস্ট্রেলিয়া সম্মানপ্রাপ্ত ড. সাবরিন ফারুকী। তাঁর উপস্থিতি অনুষ্ঠানকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে এবং কমিউনিটিতে খেলাধুলা, সুস্থ জীবনযাপন ও সামাজিক সম্প্রীতির গুরুত্বকে আরও তুলে ধরে। তিনি এই অনুষ্ঠানে উদীয়মান তরুণ প্রজন্মের ফুটবলার দেবোপম ধর কে অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন।
বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত ফুটসাল টুর্নামেন্টে সাতটি দল অংশগ্রহণ করে। বিশ্বজুড়ে চলমান ফুটবল বিশ্বকাপের উন্মাদনার সময়ে আয়োজিত এই প্রতিযোগিতা ছিল বর্ণাঢ্য আনন্দে ভরপুর। টুর্নামেন্টের একটি আকর্ষণীয় মুহূর্ত ছিল ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ, যা খেলোয়াড় ও দর্শকদের মধ্যে দারুণ উত্তেজনা সৃষ্টি করে এবং দিনের অন্যতম সেরা আকর্ষণে পরিণত হয়। ৭ টি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে প্রতীকী পর্তুগাল এবং সৌদি আরব দলের মাঝে ফাইনাল খেলায় প্রতীকী সৌদি আরব দলটি জয়লাভ করে।
এরপর সন্ধ্যা ৬:৩০টা থেকে রাত ১০:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট। গত বছরের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবারের প্রতিযোগিতায় ৬০-এরও বেশি অংশগ্রহণকারী অংশ নেন। প্রতিযোগিতায় ছিল মেন্স সিঙ্গেলস, মেন্স ডাবলস, উইমেন্স ডাবলস এবং মিক্সড ডাবলস। এবারে উইমেন্স ডাবলস এ চ্যাম্পিয়ন হয়েছেন আনিকা নিশাত ও মেহের নিগার, রানার আপ হয়েছেন তাবাসসুম চৌধুরী ও আনিকা রুকসার। মেন্স ডাবলস এ চ্যাম্পিয়ন হয়েছেন রিফাত গাজী ও আসাদুজ্জামান হামজা, রানার আপ হয়েছেন রিফাত আবেদীন ও তৌহিদুল বাপ্পী। মেন্স সিঙ্গেলস এ চ্যাম্পিয়ন হয়েছেন সাফিউল খান সৌরভ, রানার আপ হয়েছেন হামিম রিজভী। মিক্সড ডাবলস এ চ্যাম্পিয়ন হয়েছেন নাজিফা উলফাত নওশিন ও আসাদুজ্জামান হামজা, রানার আপ হয়েছেন সাবিরা দেওয়ান ও তৌহিদুল বাপ্পী।
এই আয়োজনের অফিশিয়াল জার্সি স্পন্সর ছিল Dacca Australia, যাদের মূল্যবান সহযোগিতা টুর্নামেন্টকে সফলভাবে আয়োজন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জার্সির পাশাপাশি তারা এই টুর্নামেন্টের সকল খেলোয়াড়দেরকে শুভেচ্ছা উপহারও প্রদান করে।
অনুষ্ঠানজুড়ে ছিল বিভিন্ন ধরনের দেশি খাবারের স্টল, যা পুরো আয়োজনকে একটি প্রাণবন্ত পারিবারিক ক্রীড়া উৎসবে রূপ দেয়। খেলাধুলার পাশাপাশি সবাই একসঙ্গে সময় কাটানোর সুযোগ পান, যা কমিউনিটির বন্ধনকে আরও দৃঢ় করেছে।
অজি এনএসইউয়ার্স অ্যাসোসিয়েশন সকল খেলোয়াড়, স্বেচ্ছাসেবক, স্পন্সর, সহযোগী প্রতিষ্ঠান ও দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। ভবিষ্যতেও খেলাধুলা, সুস্থ জীবনধারা এবং কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরও জোরদার করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।















